ডিম ফোটার কিছুক্ষণের মধ্যেই হাঁসের ছানারা একটি বিশেষ ধরনের শেখার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যাকে বলা হয় ইমপ্রিন্টিং। ডিম ফোটার প্রথম কয়েক ঘণ্টার মধ্যে তারা চোখের সামনে দেখা প্রথম নড়াচড়া করা বস্তু বা প্রাণীর প্রতি প্রবল সংযুক্তি অনুভব করে, যা সাধারণত হয় তাদের মা। এরপর থেকেই ছানারা মাকে অনুসরণ করা শুরু করে এবং তার প্রতিটি নড়াচড়া অনুকরণ করতে থাকে। এই সময়েই তারা খাবার খোঁজা, শিকারি চেনা ও সামাজিক আচরণের মতো বেঁচে থাকার জরুরি দক্ষতাগুলো রপ্ত করে, মূলত মাকে দেখে দেখে।
তবে শুধু মাকে অনুসরণ করার প্রবৃত্তি দিয়ে পুরো ব্যাখ্যা মেলে না— কেন তারা এলোমেলোভাবে না গিয়ে ঠিক এক সারিতেই চলে, তার উত্তর মিলেছে সাম্প্রতিক এক গবেষণায়। যুক্তরাজ্যের স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের নৌ-স্থপতি জিমিং ইউয়ান ও তার সহকর্মীরা গাণিতিক মডেল ব্যবহার করে দেখিয়েছেন, মা হাঁস যখন পানিতে সাঁতার কাটে, তখন তার শরীরের পেছনে একধরনের ঢেউ তৈরি হয়। ঠিক সেই ঢেউয়ের মধ্যে সঠিক অবস্থানে থাকলে একটি ছানা পেছন থেকে ঠেলা পায়, যাতে তার নিজের সাঁতারে খরচ হওয়া শক্তি অনেকটাই কমে যায়।
গবেষকরা এই ঘটনাকে বলছেন ‘ওয়েভ-রাইডিং’ ও ‘ওয়েভ-পাসিং’ — অর্থাৎ একটি ছানা মায়ের ঢেউয়ে ভেসে চলে, আবার তার নিজের তৈরি ঢেউ পরের ছানাকেও একই সুবিধা দেয়। এভাবে সারির প্রতিটি ছানাই একে অপরকে শক্তি সাশ্রয়ে সাহায্য করে। গবেষণাটি প্রকাশিত হয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটির জার্নাল অব ফ্লুইড মেকানিক্সে। গবেষকদের ভাষ্যে, একা সাঁতার কাটলে একটি ছানাকে নিজের তৈরি করা ঢেউয়ের বিরুদ্ধেই লড়তে হয়, যা তার গতি কমিয়ে দেয় ও শক্তি খরচ বাড়ায়। কিন্তু মায়ের পেছনে ঠিক জায়গায় থাকলে সেই একই ঢেউ তাকে সামনের দিকে ঠেলে দেয়।
সারিবদ্ধ চলাচলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিরাপত্তা। সবচেয়ে সতর্ক ও অভিজ্ঞ মা হাঁস সামনে থাকায় সে সহজে বিপদ শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে, আর পেছনের ছানারা তার সংকেত অনুযায়ী সাড়া দেয়। একসঙ্গে জড়ো হয়ে চলার বদলে সারিবদ্ধ হয়ে চলাও শিকারি এড়াতে কার্যকর— কারণ জড়োসড়ো একদল ছানাকে একসঙ্গে আক্রমণ করা সহজ হলেও, লম্বা সারিতে থাকলে শিকারিকে একটিমাত্র লক্ষ্যবস্তু বেছে নিতে হয়, যা তাকে বিভ্রান্ত করে এবং পুরো দলের জন্য ঝুঁকি কমায়।
তবে এই সারি সবসময় নিখুঁত থাকে না। আশপাশের কৌতূহলোদ্দীপক কিছুতে মনোযোগ সরে গেলে, ক্লান্তি এলে বা খাবার নিয়ে প্রতিযোগিতা হলে ছানারা সাময়িকভাবে সারি থেকে বিচ্যুত হতে পারে। তবে মায়ের কাছাকাছি থাকার সহজাত তাড়না এবং সারিতে থাকার সুবিধা শেষ পর্যন্ত তাদের আবার লাইনে ফিরিয়ে আনে। বিজ্ঞানীরা বলছেন, লাইনচ্যুত হয়ে গেলে মায়ের গতির সঙ্গে তাল মিলিয়ে চলা ছানাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়ে, কারণ তখন তাদের নিজের শক্তি দিয়েই ঢেউয়ের বিরুদ্ধে সাঁতার কাটতে হয়।
সবমিলিয়ে, পুকুরপাড়ে বা নদীর ধারে দেখা এই ছোট্ট, নিষ্পাপ দৃশ্যের পেছনে আসলে লুকিয়ে আছে প্রকৃতির নিখুঁত হিসাব— যেখানে প্রবৃত্তি, শিক্ষা আর পদার্থবিজ্ঞান একসঙ্গে মিলেমিশে তৈরি করে বেঁচে থাকার এক অনন্য কৌশল।